মিসরের বিমান ছিনতাই: পাঁচজনকে জিম্মি

আন্তর্জাতিক : মিসরের ছিনতাই হওয়া বিমানের একজন ক্রু ও চারজন বিদেশি যাত্রীকে জিম্মি করা হয়েছে। অন্যদের মুক্তি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ইজিপ্ট এয়ারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়।মিসরের আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার পথে আজ দেশটির একটি বিমানটি ছিনতাই হয়। পরে বিমানটিকে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণে বাধ্য করা হয়।

রয়টার্স বলছে, বিমানটিতে সাতজন ক্রুসহ অন্তত ৬০ জন আরোহী ছিল। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বিমানটিতে ৮১ জন আরোহী ছিল।

ইজিপ্ট এয়ারের পক্ষ থেকে জানানো হয়, এক ব্যক্তি বিমানটি ছিনতাই করেছেন। তাঁর কাছে বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ছিনতাইকারী যাত্রীবেশে ছিলেন। তাঁর শরীরে বিস্ফোরকের বেল্ট বাঁধা আছে বলে দাবি করেন তিনি। এরপর তিনি ক্রুদের সাইপ্রাসের দিকে বিমানটিকে নিয়ে যেতে নির্দেশ দেন।

ইজিপ্ট এয়ার বলছে, লারনাকা বিমানবন্দরে বিমানটি অবতরণের একপর্যায়ে সমঝোতার পরিপ্রেক্ষিতে একজন ক্রু ও চারজন বিদেশি যাত্রী বাদে সবাইকে ছেড়ে দিয়েছেন ছিনতাইকারী।

সাইপ্রাস কর্তৃপক্ষ বলছে, অন্তত ৪৯ জনের মতো যাত্রীকে মুক্তি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিসরের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, বিমানটিতে যুক্তরাষ্ট্রের ১০ জন ও যুক্তরাজ্যের আটজন নাগরিক ছিল।

তবে মিসরের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিমানটিতে আটজন মার্কিন, চারজন ব্রিটিশ, চারজন ডাচ, দুজন বেলজিয়ান ও একজন ইতালীয় ছিল।

সাইপ্রাসের সম্প্রচারমাধ্যম বলছে, বিমানে সম্ভবত একজন ছিনতাইকারী আছেন। ব্যক্তিগত উদ্দেশ্য থেকে তিনি এ কাজ করেছেন।
ঘটনার পর লারনাকা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। নির্ধারিত ফ্লাইটগুলো অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.