রিয়ালের আত্মবিশ্বাসের উপর পানি ঢেলে দিল ভলফসবুর্গ

খেলাধুলা : এল ক্লাসিকোর ম্যাচে বার্সেলোনাকে হারানোর পর রিয়ালের আত্মবিশ্বাসের উপর পানি ঢেলে দিল জার্মান ক্লাব ভলফসবুর্গ। বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ভলফসবুর্গের মাঠে ২-০ গোলে হেরে বড় অঘটনের শিকার হয়ে ফিরেছে রিয়াল।

শিরোপা জয়ের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে গেল জিনেদিন জিদানের শিষ্যরা। অপরদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল জার্মানির ক্লাবটি।

প্রতিপক্ষের মাঠে শুরুটা অবশ্য ভালোই ছিল রিয়ালের, দ্বিতীয় মিনিটেই জালে বল পাঠিয়েছিলেন রোনালদো। তবে অফসাইডের ফাঁদে আটকা পড়ে বাদ হয়ে যায় সেই গোলটি। ষষ্ঠদশ মিনিটে বক্সের মধ্যে গোলরক্ষককে একা পেয়ে যান করিম বেনজেমা। কিন্তু এখানেই সফল হতে পারেননি তিনি। ফিরতি বলে ওয়েলসের ফরোয়ার্ড বেল লক্ষ্যভ্রষ্ট শট নিলে হতাশা বাড়ে রিয়ালের শিবিরে।
পরের মিনিটে পাল্টা আক্রমণে রিয়ালের বক্সে ঢুকে পড়েন আন্দ্রে শুরলে। শট নেয়ার ঠিক আগ মুহূর্তে তাকে ফেলে দেন কাসেমিরো। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর নিখুঁত লক্ষ্যভেদে স্বাগতিকদের এগিয়ে দেন রিকার্ডো রদ্রিগেজ। রিয়ালের এই গোল হজম করতে না করতেই দ্বিতীয় আঘাত হানে ভলফসবুর্গ। ডান-দিক থেকে ব্রুনো হেনরিকের আড়াআড়ি পাস পেয়ে বক্সের ঠিক সামনে থেকে সহজেই বল জালে জড়ান জার্মান মিডফিল্ডার মাক্সিমিলিয়ান আর্নল্ড।

প্রথমার্ধের বাকি সময়ে তাদের উপর চাপ ধরে রাখে স্বাগতিকরা, তবে ব্যবধান অবশ্য আর বাড়াতে পারেনি। খেলার দ্বিতীয়ার্ধেও রিয়াল তেমন কিছুই করতে পারেনি। আর এতেই স্বাগতিকদের মাঠ থেকে পরাজয়ের শিকার হয়েই ফিরতে হয়েছে জিদানের দলকে।

শেষ চারে উঠতে হলে আগামী মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে ফিরতি লেগের ম্যাচে কমপক্ষে তিন গোলের ব্যবধানে জিততে হবে রোনালদো-বেলদের।

এ বিভাগের আরও খবর

Comments are closed.