বরিশাল প্রতিনিধি : বরিশালের লাকুটিয়া এলাকায় এইচএসসি পরীক্ষার্থী আমিনুল ইসলাম রমজানকে (১৯) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার জের ধরে সড়ক অবরোধ বিক্ষোভ এবং ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
রমজান নগরীর আব্দুর রব সেরনিয়াবাদ কলেজের শিক্ষার্থী এবং চরবাড়িয়ার বাটনা গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।
স্বজনরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে মোবাইলের মাধ্যমে রমজানকে লাকুটিয়ায় ডেকে নেয়া হয়। এর পরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় রমজানকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
এলাকায় মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে বেলা ১১টার দিকে এলাকাবাসী ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং গাছ ফেলে সড়ক অবরোধ করে। এছাড়া ৬টি ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানার সহকারী কমিশনার আবুল কালাম আজাদ জানান, ঘটনার সাথে জড়িত সাব্বির হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

Comments are closed.