ঢাকা : দুর্নীতির মামলায় খালাসের রায় বাতিল করে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার করা আবেদন খারিজ করেছেন দিয়েছেন আপিল বিভাগ।
আজ রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে হাইকোর্টে মামলাটির পুনরায়
শুনানি চলতে আর বাধা থাকল না। একই সঙ্গে নিম্ন আদালত দেয়া ১৩ বছরের কারাদণ্ডও বহাল থাকল।
গত বছর ১৪ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়াকে খালাস করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে আবার শুনানির আদেশ দেন আপিল বিভাগ। এ রায়ের বিরুদ্ধে রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন ত্রাণমন্ত্রী।
শুনানিতে মায়ার পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানান, মায়ার রিভিউ আবেদন খারিজ হওয়ার ফলে তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা চলতে আর কোনো বাধা থাকল না।
মামলার বিবরণে জানা যায়, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৩ জুন সূত্রাপুর থানায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগে বলা হয়, বিভিন্ন সময়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ২৯ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। ২০০৮ সালে ঢাকার একটি বিশেষ আদালত মায়াকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ ও পাঁচ কোটি টাকা জরিমানা করেন।
পরে মায়া ওই রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ২৫ মে হাইকোর্টে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্ট মায়ার আপিল মঞ্জুর করে তার সাজা বাতিল করে খালাস দেন।

Comments are closed.