ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
রোববার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধি দল এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়।
বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন ও মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা।
আসাদুল করিম শাহীন বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা এ শুভেচ্ছা বার্তা ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে পৌঁছে দিয়েছি।’
আওয়ামী লীগের পক্ষে দলটির দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এ শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন বলেও জানান শাহীন।

Comments are closed.