বাঁচা মরার লড়াইয়ে রিয়াল

খেলাধুলা : চ্যাম্পিয়নস লিগে আজ বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। সরাসরি দেখাবে টেন ওয়ান চ্যানেল।

গত সপ্তাহে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে ভলফসবুর্গের মাঠে খেলতে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু জার্মান ক্লাবটির মাঠে ২-০ গোলের প্রত্যাশিত হারে টানা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার লক্ষ্যে বড় ধাক্কা খায় জিনেদিন জিদানের দল।

অবশ্য গত শনিবার লা লিগায় এইবারকে ৪-০ গোলে হারিয়ে খানিকটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে জিদানের শিষ্যরা। ফলে আজ চ্যাম্পিয়নস লিগে লড়াইটা কঠিন হলেও এইবার ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতে পারবেন ক্রিস্টিয়ানো রোনালদো, হামেস রদ্রিগেজরা।

অতীতে বেশ কয়েকবার এমন কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা আছে রিয়ালের। ১৯৭৫ সালের ইউরোপিয়ান কাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ইংল্যান্ডের ক্লাব ডার্বি কাউন্টির মাঠে ৪-১ গোলে হেরে যায় রিয়াল। তবে ফিরতি লেগে ৫-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা।

১৯৮৫ সালে উয়েফা কাপের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের মাঠে ২-০ গোলে হেরে গিয়েছিল রিয়াল। তবে ঘরের মাঠে ফিরতি লেগে ৩-০ গোলে জিতে ফাইনালে উঠেছিল তারা।

মুদ্রার উল্টো পিঠটাও তো দেখতে হবে নাকি? ২০০২ সালের পর থেকে এ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম লেগে আটবার হেরেছে রিয়াল। আর এর মধ্যে একবারও যে পরের রাউন্ডে উঠতে পারেনি তারা!

অন্যদিকে ভলফসবুর্গ প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে এরই মধ্যে ইতিহাস গড়েছে। জার্মানির দলটির সামনে আজ আরেকটি ইতিহাসের হাতছানি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.