আন্তর্জাতিক : রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক সু-৩০০ দূরপাল্লার মিসাইল পেয়েছে ইরান। খবর আলজাজিরার। এই নিয়ে ইরান ও রাশিয়ার মধ্যে প্রায় ৯শ’ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছিল।
সু-৩০০ আকাশ প্রতিরক্ষা মিসাইলের প্রথম ব্যাচ ইরানে এসে পৌঁছেছে। জাতীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জাবের আনসারি নামে একজন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানিয়ে বলেন, প্রথম ধাপের চুক্তি শেষ হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ’র খবরে বলা হয়েছিল, খুব দ্রুতই সু-৩০০ মিসাইল সিস্টেম ইরানে পাঠানো হবে। এতে আরো বলা হয়েছিল, দক্ষিণ রাশিয়ার শহর আস্ত্রাখান থেকে সরাসরি নৌযানে করে ক্যাস্পিয়ান সাগর দিয়ে ইরানে পাঠানো হবে এই মিসাইল।
এর আগে ২০০৭ সালে রাশিয়া এবং ইরান সু-৩০০ ক্রয় সংক্রান্ত চুক্তি সম্পাদন করে। জাতিসংঘের অবরোধের কারণে রাশিয়া এই অস্ত্র আর পাঠাতে পারেনি। সাম্প্রতিক সময়ে ইরানের অবরোধ জাতিসংঘ তুলে নিলে রাশিয়া তা হস্তান্তর করে।

Comments are closed.