ঢাকা : রাজধানীতে ওয়াসার পানি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। একই সঙ্গে ঢাকায় পানি সংকট দূর হতে আরো এক বছর সময় লাগবে বলেও জানানো হয়েছে।
আজ (১৩ এপ্রিল) সচিবালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, এখন থেকে আর ওয়াসার পানি বিক্রি করা যাবে না। এই পানি বিক্রির সুযোগ নিয়ে একটি দুর্নীতির ক্ষেত্র তৈরি হয় এবং ওয়াসার কিছু কর্মকর্তা-কর্মচারী দুর্নীতিতে জড়িয়ে পড়েন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, যেখানে পানির সংকট, সেখানে ওয়াসার দায়িত্ব হলো পানি পৌঁছে দেয়া।
এখন যে পানি সংকট আছে ঢাকায়, এটা দূর হতে আরো এক বছর সময় লাগবে। পানি সংকটের কারণ আমরা উদঘাটন করতে পেরেছি। এখন সমাধানের লক্ষ্যে কাজ চলছে। এই মুহূর্তে ঢাকায় ভূ-তলের পানির ব্যবহার ৭০ শতাংশ এবং শোধনাগারের মাধ্যমে ভূপৃষ্ঠের পানির ব্যবহার ৩০ শতাংশ। আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটা উল্টে ফেলব।
বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসনিম এ খান।

Comments are closed.