ঢাকা : অষ্টম জাতীয় বেতন স্কেলে এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতা পাচ্ছেন । শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী বৈশাখী ভাতা দাবি করে আসছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নতুন পে স্কেলে বৈশাখী ভাতা প্রদানের কথা বলা হয়েছে।
সরকারের আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকায় নতুন এই ভাতা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় ছিলেন শিক্ষক-কর্মচারীরা।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে অনিশ্চয়তা কেটেছে। শিক্ষক কর্মচারীরা নতুন পে স্কেলে গত মার্চ মাসের বেতন পেয়েছেন। এছাড়া গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের বকেয়া এপ্রিল মাসের বেতনের সঙ্গে দেয়া হবে। ওই কর্মকর্তা জানান, নতুন করে চালু হওয়া বৈশাখী ভাতার বিষয়টি নজরে আসেনি। অর্থ মন্ত্রণালয় থেকে এই খাতে বরাদ্দ চাওয়া হয়নি। মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্তের পর অর্থ মন্ত্রণালয়ের কাছে বরাদ্দ চাওয়া হবে। বরাদ্দ পাওয়া গেলে নতুন এই বোনাসটি বকেয়া হিসেবে দেয়া হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত বেতন দিতে ২ হাজার ৪০০ কোটি টাকা লাগছে। এটি সংশোধিত বাজেটে সমন্বয় করা হবে।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, সরকারের সব কর্মকর্তা-কর্মচারীরা বৈশাখী ভাতা পাচ্ছেন।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অপর অংশের চেয়ারম্যান অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি ও মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর খান বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার প্রধান চালিকা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী এই স্তরের লেখাপড়ার হাল ধরে আছেন। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের তুলনায় পাবলিক পরীক্ষায় বেসরকারি স্কুল, কলেজের ফলাফল ভালো। কিন্তু ন্যায্য দাবি থেকে শিক্ষকরা বঞ্চিত। অতি দ্রুত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা প্রদানে সরকার সচেষ্ট হবেন।

Comments are closed.