রাজশাহী প্রতিনিধি : ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শোক-মিছিল, অবস্থান ধর্মঘট ও সমাবেশ করেছে ইংরেজি বিভাগ এবং রাবি শিক্ষক সমিতি।
আজ রোববার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে পৃথক এ কর্মসূচি পালিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে একটি মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে ১০ মিনিট অবস্থান ধর্মঘট পালন করে। পরে সিনেট ভবনের সামনে এসে শিক্ষক সমিতির কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে।
এ সময় সমাবেশে বক্তব্য দেন- ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক এ.এফ.এম মাসউদ আখতার, অধ্যাপক মো. শহীদুল্লাহ, অধ্যাপক মো. জহুরুল ইসলাম।
সমাবেশে বিভাগের অধ্যাপক জহুরুল ইসলাম বলেন, ‘আমরা এ জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানাই। আজ থেকে তিনদিন বিভাগের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া আগামীকাল বিভাগে শোকসভার আয়োজন করা হয়েছে।’গত বারো বছরে রাবিতে ৪ জন শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এসব হত্যাকাণ্ডের এখনো সুষ্ঠু বিচার হয়নি। আমরা আর মিথ্যা আশ্বাসে বসে থাকতে চাইনা। আমরা আন্দোলন চালিয়ে যাবো।’
সমাবেশ শেষে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা প্রধান ফটকে পাঁচ মিনিট একটি প্রতীকী অবস্থান করে। এ সময় প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী রাবি শিক্ষক সমিতির ডাকা কর্মসূচির অংশ হিসেবে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
ইংরেজি বিভাগের শিক্ষক মো. অসিউজ্জামান জানান, ‘আমরা প্রতিদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করবো। এছাড়া আজও আমাদের প্রতিবাদ র্যালি ও সমাবেশ রয়েছে। আমাদের আন্দোলন চলবে। আমরা দোষীদের গ্রেপ্তার করে বিচার দাবি জানাচ্ছি।’
আজ বিকেল ৫টায় নগরীর সাহেব বাজারের জিরো পয়েন্টে একটি সমাবেশের আয়োজন করেছে রাবি শিক্ষক সমিতি। এই কর্মসূচি পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু।

Comments are closed.