চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে শিহাব হাসান সজল নামের এক স্কুলছাত্রকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। নিহত শিহাব স্থানীয় গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।
ঘটনাস্থল জীবননগরের নতুন পাড়া সীমান্ত এলাকায় গিয়ে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে বড়দীঘী নামকস্থানে ভারতীয় বাগান মালিকের কাছ থেকে কেনা আম পাড়তে যায় শিহাবসহ কয়েকজন ।
তাকে দৌড়াতে বলে পিছন থেকে গুলি ছুড়ে বিএসএফ। পিঠের মেরুদন্ডে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শিহাব। তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে বিএসএফ। এক পর্যায়ে শিহাবের লাশ উদ্ধার করে জীবননগর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
নিহত শিহাব সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মাহবুব মালিতার ছেলে।
সীমান্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ইমাদ আলী জানান, আজ শনিবার সকাল ৯টার দিকে শিহাব অপর ৬ সহযোগীসহ ভারতের অভ্যন্তরে ঢুকে তাদের কেনা আমবাগান থেকে আম পাড়ার সময় বিএসএফ তাদেরকে আটক করে ব্যাপক মারপিট করে ছেড়ে দেয়।
সে ফিরে আসার সময় পিছন দিক থেকে বিএসএফ তাকে গুলি করে।
এর কিছুক্ষণ পর বেলা ১০ টার দিকে শিহাবের কয়েকজন সহযোগী তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা.শাহিনা আফরিন তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ বলেন, নতুনপাড়া সীমান্তের ৬৬ নম্বর প্রধান খুঁটির কাছে এ ঘটনাটি ঘটে। শিহাব সীমান্তের শুন্য রেখায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে বিএসএফ গুলি করে বলে নতুনপাড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ তাকে জানান।
বিএসএফর এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সেই সাথে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। পতাকা বৈঠকের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.