দিল্লি: ভারতের গুজরাট রাজ্যের বৃহত্তম শহর আহমেদাবাদে প্রচণ্ড দাবদাহ অব্যাহত আছে। শহরটিতে গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত ১০০ বছরে সর্বোচ্চ।
এনডিটিভির খবরে বলা হয়, তীব্র দাবদাহে গতকাল আহমেদাবাদে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নগর কর্মকর্তারা। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।
আইএমডির আবহাওয়া কেন্দ্রের পরিচালক জয়ন্ত সরকার বলেন, “বৃহস্পতিবার আহমেদাবাদ শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। এটি ১০০ বছরের রেকর্ড ভেঙেছে। প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ১৯১৬ সালের ২৭ মে শহরে ৪৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।”
কয়েক দিন ধরে গুজরাটের উত্তরাঞ্চল ও সৌরাষ্ট্র-কুচ অঞ্চলে তীব্র দাবদাহ বইছে।
এ বিষয়ে জয়ন্ত সরকার বলেন, “প্রচণ্ড দাবদাহ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। পশ্চিমা বায়ু বাতাসে আর্দ্রতা বাড়িয়ে তাপমাত্রা কমাবে। এতে কিছুটা স্বস্তি পাওয়া যাবে।”
আহমেদাবাদ ছাড়াও গুজরাটের রাজধানী শহর গান্ধীনগর ও বনসকাণ্ঠা জেলার দিসায় তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

Comments are closed.