ম্যানইউ থেকে বরখাস্ত ফন গাল

খেলাধুলা : ২০১৪ সালে তিন বছরের চুক্তিতে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দিলেও দল আশানুরূপ পারফরম্যান্স না করায় এক বছর বাকি থাকতেই চাকরি হারাতে হলো ডাচ কোচ ফন খালকে।

গত শনিবার এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ‘রেড ডেভিলস’ নামে পরিচিত দলটি শিরোপা উদযাপন করলেও তা ফন খালের চাকরি বাঁচানোর জন্যে যথেষ্ট ছিল না। চুক্তি শেষের আগেই চাকরি হারাতে হওয়ায় হতাশ নেদারল্যান্ডসের সাবেক কোচ ফন খাল। ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে তিনি বলেন, “চুক্তির তিন বছর পূর্ণ করতে না পারায় আমি খুবই হতাশ।”

ইউনাইটেডে যোগ দেওয়ার আগে ইংলিশ ফুটবলে কোচিং করানোর কোনো অভিজ্ঞতা না থাকলেও ইউরোপের ফুটবলে দারুণ সফল ছিলেন ৫৪ বছর বয়সী ফন খাল। নেদারল্যান্ডসের দল আয়াক্স, স্পেনের বার্সেলোনা ও জার্মানির বায়ার্ন মিউনিখের হয়ে ভিন্ন তিনটি দেশের ঘরোয়া লিগ জিতেছেন তিনি। তাছাড়া আয়াক্সকে ১৯৯৪-৯৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতান ফন খাল।

তবে ফন খালের ইপিএল অভিজ্ঞতা তেমন সুখকর হল না। ২০১৪ সালের মে মাসে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ। তার অধীনে প্রথম মৌসুমে লিগে চতুর্থ হয় ইউনাইটেড। এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব থকেই বাদ পড়ে তারা। এফএ কাপের শিরোপা তাই তার ইউনাইটেড ক্যারিয়ারে সান্ত্বনা হয়েই রইল।

বিদায়বেলায় ইউনাইটেডের শুভকামনায় ফন খাল বলেন, “আমি বিশ্বাস করি, দল এখন খুব ভালো অবস্থায় আছে। এখান থেকে তারা সামনে এগিয়ে যাবে এবং আরও বড় সাফল্য অর্জন করবে।” ব্রিটিশ গণমাধ্যমগুলোর খবর, ফন খালের জায়গায় ইউনাইটেডের কোচ হিসেবে যোগ দিতে পারেন মরিনিয়ো।

এ বিভাগের আরও খবর

Comments are closed.