নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আগ্রাবাদ কমার্স কলেজের পশ্চিমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উপরে বাণিজ্যিক এলাকার টিএসএন কমপ্লেক্সে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দু’তলার বেশ কয়েকটি অফিস যাতে প্রায় ৫-৬লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
টিএসএন কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ৮৯/৯০ হোল্ডিং এর এ ভবনের দ্বিতীয় তলায় বেশ কয়েকটি অফিস রয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানা গেছে। ভোরের দিকে আগুন লেগেছে বলে ভবনের বাসিন্দারা অনুমান করছেন। এ সময় সবকটি অফিস বন্ধ ছিল।হঠাৎ ধোঁয়া দেখে আশে পাশের লোকজন এগিয়ে এসে পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি গাড়ী এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনলে ভবনটি পুরোপুরি ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পায়।
সবচেয়ে বেশী পুড়ে যাওয়া দ্বিতীয়তলার সর্বদক্ষিণের অফিস ওর্য়াম ইন্টারন্যাশনাল’র স্বত্ত্বাধিকারী কামরুল ইসলাম টিটু বলেন, অফিসের সব মুল্যবান কাগজ পত্র, আসবাবপত্র, কম্পিউটার, এসিসহ সমস্ত কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। যার আনুমানিক মুল্য প্রায় ৫-৬ লক্ষ টাকার কাছাকাছি। ক্লাইন্টদের জরুরী ভিসা,পাসপোর্ট ও ডকুমেন্ট পুড়ে যাওয়াতে অনেক বিপাকে পড়তে হবে বলে তিনি জানান।

Comments are closed.