খেলাধুলা : সানরাইজার্স হায়দরাবাদের নিয়মিত একাদশে থাকা দুই স্পেশালিস্ট বোলার মুস্তাফিজুর রহমান ও ভুবনেশ্বর কুমার। এই দুই পেসারের ওপর আস্থা রাখেন দলীয় অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বিশেষ করে ডেথ ওভারে এই দুই বোলারকেই বরাদ্ধ রাখেন তিনি!
বুধবার বাঁচা-মরার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও তার ব্যতিক্রম হয়নি। ওয়ার্নারের আস্থার প্রতিদান দিয়েছেন মুস্তাফিজ (৪-০-২৮-০) ও ভুবনেশ্বর (৪-০-১৯-৩)। ডেথ ওভারে কেকেআরের ব্যাটসম্যানদের নাচিয়ে ছেড়েছেন এই দুই বোলার। তাই জয়ের ক্ষেত্রে ফিজ-ভুবিকে কৃতিত্ব দিতে ভুল করলেন না ম্যাচসেরা ময়েজেস হেনরিকসও।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার হেনরিকস বলেন, ‘আমরা ভালো বোলিং করেছি। ফিল্ডিংটাও দারুণ হয়েছে। আমাদের দলে এমন বোলার (মুস্তাফিজ-ভুবনেশ্বর) আছে যারা পেসে বৈচিত্র্য নিয়ে আসতে পারে, ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে থাকে। গেম আপনাকে কিছু দেবে না। তাই প্রত্যেকটা সুযোগকে কাজে লাগাতে হয়।’
ব্যাট হাতে ২১ বলে একটি চার ও দুটি ছক্কায় ৩১ রান করেন হেনরিকস। বল হাতে ৩ ওভারে ১৭ রান দিয়ে তুলে নিয়েছেন মূল্যবান দুটি উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে হেনরিকসের হাতে।

Comments are closed.