জিয়াউল হক, রাঙামাটি : রাঙামাটিতে চোরাই মোটর সাইকেল চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। গত কয়েক মাসে শহর থেকে একের পর এক মোটর সাইকেল চুরির ঘটনায় বিপাকে ছিলো শহরবাসি এবং পুলিশও। এনিয়ে ছিলো নানান হতাশা, ক্ষোভও।
অবশেষে প্রযুক্তি ব্যবহার করে সেই মোটর সাইকেল চোর চক্রটিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। গত কদিনের চেষ্টার পর রোববার রাতে রাঙামাটি শহর এবং চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে চোরাই ৫টি মোটর সাইকেল, মোটর সাইকেল খোলা, সংস্কার, নাম্বার প্লেট পরিবর্তনসহ চুরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম আটক করেছে পুলিশ। একই সাথে চোরচক্রের ১১ সদস্যকেও আটক করেছে পুলিশ। আটকরা সবাই রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, গর্জনতলি, কাঠালতলি এবং কলেজগেইট এলাকার বাসিন্দা।
সোমবার দুপুরে উদ্ধার করা মোটর সাইকেল, চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং আটকদের সাংবাদিকদের সামনে হাজির করে পুলিশ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো: শহীদুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে আমরা চক্রটিকে ধরা চেষ্টা করছি। অবশেষে প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে ধরতে সক্ষম হয়েছি। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিপুল পরিমাণ মোটর সাইকেল চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

Comments are closed.