সুন্দরবনের ‘মাস্টার বাহিনী’র আত্মসমর্পণ

খুলনা প্রতিনিধি : আজ দুপুরে সুন্দরবনের ডাকাতদল ‘মাস্টার বাহিনী’ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাদের অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদের উপস্থিতিতে মঙ্গলবার (৩১ মে) দুপুরে বাগেরহাটে মংলায় আত্মসমর্পণের এই আনুষ্ঠানিকতা হবার কথা রয়েছে।

র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুর ৩টায় মংলায় আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অস্ত্র জমা দেয়া ৭ জনকে নিয়ে সুন্দরবনে আমাদের অভিযান চলছে। চেষ্টা করছি এই ডাকাত বাহিনীর বাকি সদস্যদের আত্মসমর্পণ করাতে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে ডাকাতরা আত্মসমর্পণ করতে রাজি হয়। সেই লক্ষে রোববার (২৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে র‌্যাবের কাছে এ মাস্টার বাহিনীর প্রধানসহ ৭ ডাকাত দেশি-বিদেশি ৫১টি আগ্নেয়াস্ত্র ও পাঁচ হাজার গুলি জমা দিয়েছেন। কিন্তু ওইদিন বৈরী আবহাওয়ার কারণে আত্মসমর্পণ অনুষ্ঠানে আসতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফলে আত্মসমর্পণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।’ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খুলনা র‌্যাব-৬ জানায়, রোববার মংলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবেন মাস্টার বাহিনীর ডাকাতদল।

র‌্যাবের দেয়া তথ্য অনুযায়ী, দেশের পশ্চিম উপকূল এবং সুন্দরবনের জেলে, বাওয়ালী, মৌয়ালদের ত্রাস ডাকাতদল ‘মাস্টার বাহিনী’। নৌকা ও জালের হিসাব করে নির্ধারিত হারে ডাকাতদের চাঁদা দিতে হতো জেলে ও বনজীবীদের। এতোদিন অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল এ বাহিনীর সদস্যরা। ডাকাতদের বাড়ি বাগেরহাটের রামপাল, মংলা, মোরেলগঞ্জ, শরণখোলা, খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.