বিনোদন: শ্রীলঙ্কায় সার্ক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল ‘জালালের গল্প’। সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৬-তে দুটি শাখায় পুরস্কৃত হয়েছে। উৎসবের ছবিগুলোর ভেতর জালালের গল্পর জন্য সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন বরকত হোসেন পলাশ ও আবহসংগীতের জন্য পুরস্কৃত হয়েছে গানের দল চিরকুট।
গানের দল চিরকুট জানায়, ছবিটির আবহসংগীতের কাজ করতে আমরা সময় পেয়েছিলাম মাত্র চারদিন। এত অল্প সময়ের কাজে পুরস্কার পেয়ে দারুণ আনন্দিত আমরা। আন্তর্জাতিক এ পুরস্কারটি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করেছে দলটি। পুরস্কারপ্রাপ্তিতে ছবির সব কলাকুশলী ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চিত্রগ্রাহক বরকত হোসেন। তিনি বলেন, এই ছবিতে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। আমাকে সুযোগটুকু দেয়ার জন্য ছবির পরিচালক আবু শাহেদ ইমনসহ সবাইকে অনেক ধন্যবাদ।
উৎসবে ব্রোঞ্জ পদক পেয়েছে ভারতের ছবি গুঙ্গা পেহেলওয়ান, রুপা জিতেছে ভুটানের ছবি ট্রাভেলারস অ্যান্ড ম্যাজিশিয়ান। উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ভারতের ছবি মাসান।

Comments are closed.