ঢাকা : পুলিশ কর্মকর্তার স্ত্রীকে চট্টগ্রামে গুলি করে হত্যার ঘটনা নিয়ে বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে একের পর এক গুপ্তহত্যা ঘটিয়ে এখন যারা পরিবারের ক্ষতি করতে শুরু করেছে, তাদের কেউ পার পাবে না। তিনি বলেন, এখন পরিবারের ক্ষতি করছে। এর হিসাব আমরা পাই পাই করে নেব।
আজ (৮ জুন ) বুধবার জাতীয় সংসদে সরকারদলীয় সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পির এক সম্পূরক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, তারা এখন পুলিশের পরিবারের ওপর হাত দিয়েছে। তারা হত্যা করছে, তাদের গ্রেপ্তার করা হবে। তারা কি ভুল যাচ্ছে যে তাদেরও পরিবার আছে? তারা আঘাত করছে, অন্য দিক থেকেও আঘাত আসতে পারে।
ঢাকার পুলিশ সদরদপ্তরে দায়িত্বরত পুলিশ সুপার বাবুল আক্তার গত দুই বছর চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় জঙ্গি দমন অভিযানে সাহসিকতার জন্য প্রশংসিত হন। গত রোববার সকালে নগরীর জিইসির মোড়ে তার স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে ছুরি মেরে ও গুলি করে হত্যা করা হয়। পুলিশ বলছে, জঙ্গি দমনে বাবুলের ভূমিকার কারণেই তার স্ত্রীকে এভাবে খুন করা হয়ে থাকতে পারে।
পরিবার ও স্বজনদেরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, তারা যদি এভাবে পরিবারের ওপর হাত তোলে, তাহলে কারও হাত থেমে থাকবে না, কারও হাত থামিয়ে রাখা যাবে না। গুপ্তহত্যা যারা করছে তারা পার পাবে না।

Comments are closed.