ঢাকা : রাজধানীর গুলিস্তানে ফুটপাতের হকার ও বিপণি বিতানের ব্যবসায়ীদের মধ্যে শুক্রবার দ্বিতীয় দিনের সংঘর্ষের পর গ্রেপ্তার ১৯০ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে বলে শুক্রবার আরেকটি মামলা করেছেন পুলিশ। পল্টন থানার এসআই আবুল হাসান হাওলাদার বাদী হয়ে রাতে দায়ের করা এই মামলায় ওই ১৯০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে গুলিস্তানের ট্রেড সেন্টার মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির মোল্লাসহ কয়েকজন নেতাও রয়েছেন।
গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের সামনের ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ নিয়ে বৃহস্পতিবার বিকালে বিপণী বিতানের দোকান মালিক-কর্মচারীদের সঙ্গে হকারদের সংঘর্ষ হয়। এতে প্রায় আড়াই ঘণ্টা ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে গেলে শুরু হয় সংঘর্ষ। ধাওয়া- পাল্টা ধাওয়ার মধ্যে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃষ্টির মত ঢিল, লাঠি হাতে মারামারি আর পুলিশের টিয়ারশেলে আহত হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনারও রয়েছেন।
পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান, সংঘর্ষের পর ওই এলাকা থেকে প্রায় দুইশ জনকে আটক করেন তারা। পরে যাচাই বাছাই করার পর ১৯০ জনকে আগের দিনের দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
বৃহস্পতিবারের সংঘর্ষের পর মালিক ও হকারদের পক্ষ থেকে ওই দুটি মামলা করা হয়েছিল বলে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. তারেক বিন হাবিব জানান।

Comments are closed.