দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র-ভারত-জাপানের যৌথ মহড়া

আন্তর্জাতিক : দক্ষিণ চীন সাগরের খুব কাছে যৌথ নৌ-মহড়া শুরু করেছে ভারত, যুক্তরাষ্ট্র এবং জাপান। বার্ষিক এই মহড়ার দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। দুটি পর্যায়ে হবে এ বারের মালাবার এক্সারসাইজ নামে এই মহড়া।

প্রথম পর্যায়ের মহড়া জাপানের সাসেবো হারবারে শুক্রবার থেকে শুরু হয়েছে । ১৪ জুন থেকে ১৭ জুন হবে দ্বিতীয় পর্যায়ের মহড়া। সেই মহড়া চলবে গভীর সমুদ্রে। ভারতের পক্ষ থেকে মহড়ায় যোগ দিয়েছে চারটি যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রে রয়েছে একটি এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার, একটি ক্রুইজার এবং দুইটি ডেস্ট্রয়ার। জাপানের পক্ষ থেকে মহড়ায় অংশ নিয়েছে একাধিক যুদ্ধজাহাজ।

মালাবার এক্সারসাইজ আগে ছিল শুধুমাত্র ভারত এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক মহড়া। পরে জাপানকেও অন্তর্ভুক্ত করা হয়। গত বছর এই মহড়া হয়েছিল চেন্নাই উপকূলের কাছে। এ বার চীনকে স্পষ্ট বার্তা দেয়ার জন্যই দক্ষিণ চীন সাগরের আশপাশের এলাকা এই মহড়ার জন্য বেছে নেয়া হয়েছে। ভারত আলাদা করে দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করলেও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ টহলদারিতে অংশ নেয়নি।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, চীন এই মহড়ার দিকে প্রতি মুহূর্তে নজর রাখছে। তবে শুধু চীনই নয়, ভারত-যুক্তরাষ্ট্র-জাপানের এই বিরাট নৌ-মহড়ার দিকে সম্ভ্রম নিয়ে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বই।

এ বিভাগের আরও খবর

Comments are closed.