খেলাধুলা : রেফারির ভুলের কারণে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল লাতিন জায়ান্ট ব্রাজিলকে। পেরুর বদলী খেলোয়াড় রাউল রুইদিয়াস হাত দিয়ে গোল করার পর সহকারীর সঙ্গে আলোচনা করেও তা ধরতে পারেননি রেফারি। বিতর্কিত এ গোলে কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে ব্রাজিলকে বিদায় করে দিয়ে কোয়ার্টার-ফাইনালে নিশ্চিত করল পেরু।
বাংলাদেশ সময় সোমবার সকালে ১-০ গোলের এই হারে ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছে ব্রাজিল। গ্রুপ রানার্সআপ হয়ে আগেই শেষ আট নিশ্চিত করেছিল একুয়েডর।
ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন, হারলেই বাদ এই সমীকরণে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল।
প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিলের বিপক্ষে একটি পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তও ‘বিতর্কিত’ ছিল। ডি-বক্সে এদিনসন ফ্লোরেসকে ব্রাজিলের রেনাতো আউগুস্তো পা বাড়িয়ে ফেলে দিলেও তা রেফারির চোখ এড়িয়ে যায়। শেষ আটে উঠতে হলে জিততেই হবে দেখে দ্বিতীয়ার্ধে আর রক্ষণাত্মক খোলসে থাকেনি পেরু। আক্রমণ-প্রতি আক্রমণে তখন জমে উঠে খেলা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিল গোলরক্ষক আলিসনকে ফ্রি-কিকে পরীক্ষায় ফেলেন ক্রিস্তিয়ান কুয়েভো। ৬৩তম মিনিটে ডি-বক্স থেকে কৌতিনিয়োর শট প্রতিহত করেন আলবের্তো রদ্রিগেস।
৭৫তম মিনিটে আসে রুইদিয়াসের ওই বিতর্কিত গোল। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে ডান দিক থেকে আন্দি পলোর ক্রসে হাত দিয়ে বল জালে পাঠিয়ে দেন বদলি হিসেবে নামা এই স্ট্রাইকার। তবে ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই কোপা আমেরিকার এই আসরে। অনেক সময় নিয়ে সহকারীর সঙ্গে আলোচনা করে হ্যান্ডবলটি ধরতে পারেননি উরুগুয়ের রেফারি আন্দ্রেস কুনাহ। ব্রাজিলের খেলোয়াড়দের ক্ষোভে ফাটিয়ে পেরুর পক্ষে গোলের সিদ্ধান্ত দেন তিনি।
শেষ ১৫ মিনিটে মরিয়া ব্রাজিল কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলটি শোধ করতে পারেনি। ১৯৮৫ সালের পর প্রথম বারের মতো পেরুর কাছে হেরে বিদায়ই নিতে হলো পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের দায়িত্বে থাকা দুঙ্গার ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখছেন অনেকেই। সিয়াটলে বাংলাদেশ সময় শুক্রবার সকালে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা।

Comments are closed.