যশোরে ডাকাত সন্দেহে ও বন্দুকযুদ্ধে ৪ নিহত

যশোর প্রতিনিধি : যশোর সদর ও ঝিকরগাছা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ ও ‘গণপিটুনি’তে চারজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ দুটি ঘটনা ঘটে। নিহত চারজনের পরিচয় পাওয়া যায়নি।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, রাত আড়াইটার দিকে সদর উপজেলার কামালপুরে যশোর-মনিরামপুর সড়কের দুই ধারে গাছে দড়ি বেঁধে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ৮ থেকে ১০ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও চার রাউন্ড গুলি করে পাল্টা জবাব দেয়। পুলিশের গুলিতে আহত হয়ে এক ডাকাত মাটিতে পড়ে যায়। এ সময় সহযোগীরা তাকে ফেলে পালিয়ে যায়। পুলিশ ব্যক্তিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে চারটি গাছিদা, একটি রামদা ও ডাকাতির কাজে ব্যবহার্য কিছু দড়ি উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে ঝিকরগাছা থানার ওসি মোল্লা খবির আহমেদ বলেন, রাত পৌনে ২টার দিকে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে একদল ডাকাত ডাকাতি করতে যায়। এ সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে কয়েকজন খাল পার হয়ে পালিয়ে যায়। কিন্তু তিনজন খাল পার হতে না পারায় এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.