হজ্ব বিষয়ে ইরানের সঙ্গে আপোষ নয় – বেনতিন

সৌদি আরব প্রতিনিধি :   ইরানি হজযাত্রীদের বিষয়ে ইরান সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা বা সমঝোতায় যাওয়া হবে না বলে জানিয়েছেন সৌদি আরবের হজ্ব ও ওমরা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সালিহ বেনতিন।

মন্ত্রী বলেন, ‘হজ্ব মন্ত্রণালয় ইরানকে সবরকম নিয়মকানুন ও শর্তাদি সম্পর্কে আগেই জানিয়েছিল এবং প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও থাকার ব্যবস্থা করে দিয়েছিল। তারপরও হজ্ব যাত্রীরা আসেননি। মন্ত্রণালয়ের এটাই দায়িত্ব এবং এরপর এটা নিয়ে আর কোনো আপোষ সম্ভব নয়।’

‘প্রতিটি আরব এবং ইসলামিক দেশ যে নিয়মনীতি মেনে নিয়েছে তারা (ইরান) তা মেনে নিতে চাইছে না,’ বলেন বেনতিন। এ ব্যাপারে সংশ্লিষ্ট একজন ইরানি কর্মকর্তার সঙ্গে আরেকটি বৈঠক হবে বলে জানান তিনি।

বেনতিন জানান, ইরানি কূটনীতিকরা হাজীদের ব্যবস্থাপনা বিষয়ক প্রটোকল চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছিলেন কারণ তারা তেহরান কর্তৃপক্ষের সঙ্গে আরও বিস্তারিত আলোচনা করে নিতে চেয়েছিলেন। শুধু তাই নয়, শুধু ইরানের জন্য বিশেষ কিছু দাবি মেটানোর ওপরও জোর দিয়েছিলেন তারা।

‘হজ্ব যাত্রীদের সেবা করা এবং ইসলামিক দেশগুলো থেকে আসা সবাইকে স্বাগত জানানো এই রাজ্য, এই দেশ, এর সরকার ও জনগণের দায়িত্ব, বলেন হজ্বমন্ত্রী।

এ বিভাগের আরও খবর

Comments are closed.