ঢাকা : হজযাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস থাকছে। একইসঙ্গে নিশ্চিত করা হবে হজযাত্রীদের স্বাস্থ্যসেবা। আর এ বছর দেশেই সম্পন্ন করা হবে হজযাত্রীদের ফিঙ্গার প্রিন্ট। মঙ্গলবার সচিবালয়ে ধর্মমন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তমন্ত্রণালয়ের এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
মন্ত্রী বলেন, এ বছর সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সরকারের একটি অগ্রাধিকার বিষয়। মন্ত্রী হজ শেষ না হওয়া পর্যন্ত সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে স্ব স্ব দায়িত্ব পালনের আহ্বান জানান। সভায় জানানো হয়, এবারের হজ্জযাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস ব্যবস্থা করা হবে। এ সব বিশেষ বাস সার্ভিস রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, মহাখালী, সদরঘাট, কমলাপুর, গুলিস্তান, মতিঝিল হতে বিমানবন্দর পর্যন্ত হজযাত্রী পরিবহন করবে। এ ছাড়া হজযাত্রীদের রেল ভ্রমণে রেলপথ কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ স্টেশনে আসন সংরক্ষণের ব্যবস্থা করবে। হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ লঞ্চ, স্টিমার স্টেশনে আসন সংরক্ষণের ব্যবস্থা থাকবে।
এ ছাড়া হজ ক্যাম্পে সার্বক্ষণিক ডাক্তার ও অন্যান্য জনবলসহ অ্যাম্বুলেন্স নিয়োজিত রাখা হবে। সকল জেলায় হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান কেন্দ্র ও স্বাস্থ্যসনদ পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে। বাংলাদেশি হজযাত্রীদের ফিঙ্গার প্রিন্ট বাংলাদেশেই সম্পন্ন করা হবে বলে সভায় জানানো হয়েছে। এতে আরো বলা হয়, হজের ফ্লাইট চলাকালে হজক্যাম্পের সামনে রাস্তার অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হবে।
ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিলের সঞ্চালনায় সভায় ধর্ম, অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, গৃহায়ন ও গণপূর্ত, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments are closed.