গণপিটুনিতে ডাকাত নিহত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় একটি কারখানায় ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে এক সন্দেহভাজন ডাকাতের মৃত্যু হয়েছে। এসময় আরো দুইজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলো টাঙ্গালের মাইলজানি গ্রামের বকুল খানের ছেলে মাসুদ ও বরিশালের পাতিয়া গ্রামের আ. কাদেরের ছেলে শহীদ।

মঙ্গলবার রাতে গ্রিন ডিজাইনিং সল্যুশন নামের থাই অ্যালুমিনিয়াম তৈরির ওই কারখানায় এ ঘটনা ঘটে।

পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, রাতে ওই কারখানায় ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে হানা দেয়। পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার কয়েকজনের হাত-পা বেঁধে ডাকাতির চেষ্টা চালায়। এসময় কারখানার অন্যান্য লোকজন চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হতে থাকে। এক পর্যায়ে ডাকাত দলের তিনজনকে আটকে রেখে গণপিটুনি দেয় জনতা।
এতে ঘটনাস্থলে একজন মারা যান এবং দুইজন গুরুতর আহত হন। এ ঘটনায় ডাকাতদের অপর সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আহতদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে তাদের থানা হাজতে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.