মাদারীপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার শিবচরে মিঠু বেপারী (২৮) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। মিঠু কাঠালবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। তিনি বেপারীকান্দি গ্রামের তোতা মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে একই ইউনিয়নের চরচান্দ্রা গ্রামের রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় দুই এলাকাবাসীর সাথে কথা বলছিলেন মিঠু। এ সময় চার থেকে পাঁচজনের একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাকে কুঁপিয়ে জখম করে পালিয়ে যায়। পূর্ব শত্রুতার জের ও তার জনপ্রিয়তার কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি।

শিবচর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা জানান, মিঠু বেপারীকে ইফতারের পর চরচান্দা এলাকায় একা পেয়ে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। রাত ১০টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে চরচান্দা গ্রামের কালাই জমাদ্দারের ছেলে রাজা মিয়াকে পুলিশ আটক করেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.