ঢাকার দুই সিটির আয়তন বৃদ্ধির গেজেট প্রকাশ

ঢাকা : রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে নতুন ১৬টি ইউনিয়ন যুক্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার। মঙ্গলবার (২৮ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করে। ৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের আয়তন বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবটি অনুমোদনের ফলে দুই সিটির আয়তন বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে।

প্রকাশিত গেজেট অনুযায়ী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া ৮ ইউনিয়ন হলো-বেরাইদ, বাড্ডা, ভাটারা, সাতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনী। আর ঢাকা দক্ষিণে যুক্ত হওয়া ৮ ইউনিয়ন হলো- শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মাণ্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ।

নতুন করে ১৬টি ইউনিয়ন যুক্ত হওয়ায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার আয়তন ১২৯ বর্গ কিলোমিটার থেকে বেড়ে ২৭০ বর্গকিলোমিটার হচ্ছে।

নতুন আয়তনে ঢাকা উত্তর সিটিতে জনসংখ্যা হবে ১ কোটি ৬ লাখ ২৬ হাজার ১৭; আর দক্ষিণে দাঁড়াবে ৭৫ লাখ ৫৮ হাজার ২৫ জন। দুই সিটির মোট জনসংখ্যা ১ কোটি ৮১ লাখ হলেও বাস্তবে তা অনেক বেশি।

নিকার সভার পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছিলেন, নতুন করে যুক্ত হওয়া ইউনিয়নগুলোর ওয়ার্ড পুনর্বিন্যাস করে সেখানে নির্বাচন দেওয়া হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.