খেলাধুলা : লন্ডনের কেনিংটন ওভালে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন জেসন রয়। আর সেই তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে শ্রীলঙ্কা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৪২ ওভাবে ৫ উইকেটে ৩০৫ তুলেও লঙ্কানদের মাঠ ছাড়তে হয়েছে। অপরদিকে রয়ের অসাধারণ নৈপুণ্যে অ্যাঞ্জেলো ম্যাথুসের দলকে বৃষ্টি আইনে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। স্বাগতিকরা জয়ের বন্দরে নোঙর ফেলেছে ১১ বল বাকি থাকতে।
বুধবার রাতে লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা অবশ্য ভালো ছিল না। দলীয় ১৮ রানের মাথায় মঈন আলীর উইকেটটি খুইয়ে বসে তারা। প্রদীপের শিকার হওয়ায় মাত্র ২ রান দলের স্কোরশিটে অবদান রাখতে সক্ষম হন মঈন। তবে অপর উদ্বোধনী ব্যাটসম্যান জেসন রয় দলকে জয়ের দ্বারপ্রান্তে রেখে মাঠ ছাড়েন। তিনিও শিকার ওই প্রদীপের। সাজঘরে ফেরার আগে ১১৮ বলে ১৩টি চার ও ৩টি ছক্কায় ক্যারিয়ার সেরা ১৬২ রানের মূল্যবান ইনিংস দলকে উপহার দেন রয়।
পাঁচ ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংলিশরা। একদিনের সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছে। দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটের ব্যবধানে জয় লাভ করেছে ইংল্যান্ড। বৃষ্টির হানায় তৃতীয়টি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ২ জুলাই।

Comments are closed.