কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের মোচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আনসার ব্যারাকে হামলা চালিয়ে অস্ত্র লুট ও আনসার কমান্ডার হত্যার ঘটনায় ৫ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোর ৩টার দিকে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের পার্শ্ববতী পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ৫ জন হলেন মোচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত জালাল আহমেদের ছেলে আলোচিত রোহিঙ্গা ডাকাত রফিক প্রকাশ মামুন মিয়া (৩০), মৃত বাছা আলীর ছেলে চট্টগ্রামের হালিশহরে বর্তমানে বসবাসকারী আবদুর রাজ্জাক (২৫), ফজল আহমেদের ছেলে মোহাম্মদ হারুন (৩০), মৃত বাছা আলীর ছেলে আবদুস সালাম (২৯) ও মৃত আমির হামজার ছেলে জয়নাল প্রকাশ জানে আলম (৫০)।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফ্রিংয়ে র্যাবের সহকারি পরিচালক লেফটেন্যান্ট মো. শরাফত ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিক জানিয়েছে, ঘটনার রাতে রফিক শফি আলম নামে একজনের বাড়িতে ছিল। ওখান থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় ক্যাম্পের পাশের ইট ভাটার কাছে। সেখানে আগে থেকে অবস্থান করছিল শফি আলম, খাইরুল আমিন, রাজ্জাক, নুর আলম ও হারুন সহ অপরিচিত অনেকেই। ২০ হাজার টাকা নেয়ার শর্তে রফিক এ হামলায় অংশ নেয়। ঘটনার পরদিন রাজ্জাকের কাছ থেকে এ টাকা নেয়ার কথা ছিল। তারপর তারা হামলা পরিচালনা করে। লুট করা অস্ত্র ও গুলি তিনটি বস্তায় ভর্তি করে খাইরুল, রাজ্জাক ও নুর আলম কাঁধে করে নিয়ে গিয়েছিল বলে স্বীকার করেছে রফিক। লুট করা অস্ত্র ও গুলি বর্তমানে কোথায় রয়েছে তা ৫ জনের কেউ নিশ্চিত করে বলতে পারিনি।
এদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।
গত ১৩ মে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী রোহিঙ্গা শরণার্থী শিবিরের আনসার ব্যারাকে সশস্ত্র হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনা ঘটে।

Comments are closed.