চট্টগ্রামে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইটি ধারালো কিরিচসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে পোর্ট কানেকটিং রোডের কলকা সিএনজি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

দুই ডাকাত হলেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার আশরাফ আলীর ছেলে মো. নজরুল ইসলাম প্রকাশ রুবেল ও বাগেরহাট জেলার ফকিরহাট থানার মো. শাহিন প্রকাশ খোকন (২৮)। এদের মধ্যে নজরুল গত ১০ বছর ধরে সীতাকুণ্ড থানার উত্তর সলিমপুর জাফরাবাদের একটি বাসায় ভাড়া থাকেন। খোকন গত ১৫ বছর ধরে আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনির ভাড়া বাসায় বাস করে আসছেন। তিনি পেশায় সিএনজি চালক।

পাহাড়তলী থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, কলকা সিএনজি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এলাকার চিহ্নিত দুজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুইটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

গ্রেফতার দুজনসহ পলাতক ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা তদন্তাধীন আছে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.