ঢাকা : আগামী আগস্টেই নাগরিকের হাতে এই উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) তুলে দেয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগস্টে উদ্বোধন শেষে প্রথমে ঢাকা মহানগরীর ভোটারদের মাঝে এটি বিতরণ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম জানান, আমরা শিগগিরই স্মার্টকার্ড বিতরণে যাবো।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বলেন, আগামী মাসেই স্মার্টকার্ড বিতরণের কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছি। সব গুছিয়ে এনে যথাসময়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমে জানানো হবে। কীভাবে বিতরণ করা হবে, বিতরণের দিনক্ষণ চূড়ান্ত করেই সার্বিক কর্মপরিকল্পনা গণমাধ্যমে তুলে ধরা হবে।
এছাড়া ৮ জুন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের কাছে পাঠানো প্রস্তাবনায় বলা হয়, চুক্তি অনুযায়ী ৯০ মিলিয়ন কার্ড পর্যায়ক্রমে অবার্থার টেকনোলজিসের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে।
ইসি সূত্রে জানায়, ২০১৬ সালের জুনে নাগরিকের হাতে স্মাটকার্ড দেয়ার কথা ছিল ইসির। কিন্তু সময় মতো না দিতে পারার আশঙ্কা ইসি মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যয় না বাড়ানোর শর্তে এ প্রকল্পে আঠার মাস সময় বাড়িয়ে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময় নেয়। কিন্তু এ সময়ের মধ্যেও জনগণের কাছে স্মার্টকার্ড বিতরণ শেষ করা নিয়ে দেখা দেয় শঙ্কা। এ নিয়ে স্মার্টকার্ড উৎপাদন ও বিতরণে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য ইসিকে তাগাদা দেয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
ইসি সূত্রে জানা যায়, ৮ জুন থেকে ১৬ জুন বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল স্মার্টকার্ড প্রকল্প পরিদর্শন করে এর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সম্প্রতি এনআইডি অনুবিভাগ সিইসিকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল গঠন করে তাতে সদস্য হিসেবে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম ও স্মার্টকার্ড প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেলারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীনকে রাখার প্রস্তাব করলেও ইসি সচিব ও প্রকল্প পরিচালককে ঠিকাদারি প্রতিষ্ঠান পরিদর্শনে অনুমোদন দেন সিইসি। পরে তারা ১৭ থেকে ২৪ জুন ফ্রান্স সফর করেন ইসি সচিব সিরাজুল ইসলাম ও প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন।
বর্তমানে দেশে প্রায় ১০ কোটি ভোটার রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে কোটি নাগরিকের স্মার্টকার্ড বিতরণের জন্য প্রস্তুত রয়েছে বলে জানান জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক সৈয়দ মোহাম্মদ মূসা।

Comments are closed.