বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা : গুলশানের স্প্যানিশ রেস্টুরেন্ট এবং কিশোরগঞ্জের জঙ্গি হামলার ঘটনায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যাপক আলোচনায় উঠে এসেছে। দুই হামলার ঘট্নায় জড়িতদের অনেকেই এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলে জানা যাচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতিনিধিদের ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১৭ জুলাই জঙ্গিবাদ দমনের বিষয়ে তাদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভাটি অনুষ্ঠিত হবে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউশনে।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন।

সভায় প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আয়োজক হিসেবে থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক।

জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার বিকেলে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর দপ্তরে এসে তাকে সভার বিষয়ে অবহিত করেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ছাড়াও কয়েকজন পুলিশ কর্মকর্তা এ সময় তার সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, গুলশানের রেস্টুরেন্ট ও কিশোরগঞ্জে শোলাকিয়া হামলায় জড়িতদের মধ্যে তিন জনই নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক ছাত্র ও শিক্ষক। এর মধ্যে গুলশানে নিহত নিবরাস ইসলাম সাবেক ছাত্র এবং শোলাকিয়ায় নিহত আবির এখনো পড়ছেন। গুলশান হামলায় আটক সন্দেহভাজন হাসনাত করিম বিশ্ববিদ্যালয়টি সাবেক শিক্ষক। ২০১২ সালে তাকে হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বহিষ্কার করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.