শফিক রেহমানের আপিলের রায় রবিবার

ঢাকা : প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের জামিন আদেশ খারিজের বিরুদ্ধে শফিক রেহমানের আপিল শুনানি শেষ হয়েছে। আগামী রবিবার এই বিষয়ে আদেশ দেবে আদালত। আজ (১৪ জুলাই) বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এই দিন ধার্য করেন।

শফিক রেহমানের পক্ষে এ জে মোহম্মদ আলী, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। এর আগে বিচারপতি এ কে এম আসাদুজ্জমান ও বিচারপতি আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে দিয়েছিল। এই খারিজ আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে আবেদন দায়ের করেন।

১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগোযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় শফিক রেহমানকে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.