বিনোদন : চারপাশে জমকালো রঙিন আলোর ঝলকানি। বাহারি পোশাকে মোড়ানো সবাই। এক চোখ ধাঁধানো আইটেম গানে পারফর্ম করার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই ছবিতে হালের ক্রেজ পরীমনি। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ওয়াজেদ আলী সুমন নির্মিত রক্ত ছবির জন্য তৈরি হচ্ছে আইটেম গানটি। গানটির শিরোনামও পরীমনির নামের সঙ্গে মিলিয়ে পরী রাখা হয়েছে। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটিতে সুর করেছেন আকাশ এবং কণ্ঠ দিয়েছেন কানিকা কাপুর। কোরিওগ্রাফি করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব।
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ জানায়, দুই বাংলার সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল আইটেম গান হতে যাচ্ছে রক্ত ছবির পরী গানটি। গানটির চিত্রায়নে সেট ও আলোক ব্যবস্থাপনায় চাকচিক্য আর চমকের পসরা সাজানো হয়েছে। গানের দৃশ্যধারণ চলছে কলকাতায়। সেখান থেকে পরীমনি ফেসবুকে জানান, এত বড় বাজেটের আইটেম গান দুই বাংলার চলচ্চিত্রে এর আগে দেখেননি দর্শক। গানটিও হয়েছে দারুণ শ্রুতিমধুর এবং উপভোগ্য। এটি প্রকাশের পর দুই বাংলাতেই গানটি সুপারহিট হবে বলে আমার বিশ্বাস। কাজ শেষে খুব শিগগির ঢাকা ফিরবেন তিনি ও ছবির টিম।
আগামী কোরবানী ঈদে ছবিটি মুক্তি পাবে।

Comments are closed.