চাকরিতে বহাল আছেন বাবুল আক্তার

চট্টগ্রাম : পুলিশ সুপার বাবুল আক্তার চাকরিতে বহাল আছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক। তিনি বলেছেন, বাবুল আক্তার চাকরিতে বহাল আছে। তবে সে অফিসে আসেও না, আমাদের সঙ্গে যোগাযোগও করেনা। সে কেন অফিসে আসেনা, কেন আমাদের সঙ্গে যোগাযোগ করেনা সেটা আমরা বলতে পারব না। এক্ষেত্রে দীর্ঘদিন যদি বাবুল আক্তার অনুপস্থিত থাকে তাহলে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান আইজিপি।

আজ (২১ জুলাই) বৃহস্পতিবার বিকেলে নগরীল নাসিরাবাদ আবাসিক এলাকায় পুলিশ অফিসার্স মেস ভবনের উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গত ৫ জুন সকালে নগরীর ও আর নিজাম রোডের বাসা থেকে বেরিয়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু আক্তারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। ২৪ জুন রাতে বাবুল আক্তারকে রাজধানীতে তার শ্বশুরের বাসা থেকে তুলে নিয়ে টানা ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মামলার বাদিকে আসামির মতো তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করায় হত্যাকাণ্ডের কারণ নিয়ে দেশজুড়ে কৌতুহল সৃষ্টি হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমে হত্যাকাণ্ডের জন্য বাবুল আক্তারকে ইঙ্গিত করে খবর প্রকাশ হয়েছে। বাবুল আক্তারকে হত্যার দায় নিয়ে চাকুরি ছাড়ার জন্য পুলিশের শীর্ষ কর্মকর্তারা চাপ দিয়েছেন বলেও খবর প্রকাশ হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আদৌ বাবুল আক্তার চাকুরিতে বহাল আছেন কিনা সে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে।

আইজিপি সাংবাদিকদের জানিয়েছেন, হত্যার মূল পরিকল্পনাকারী মুছা গ্রেফতার হলেই মিতু খুনের সকল রহস্য উদঘাটন হবে। মিতু হত্যা মামলায় এ পর্যন্ত সাতজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। এছাড়া দুজন ক্রসফায়ারে নিহত হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.