কাবুলে বোমায় নিহত বেড়ে ৮০

আন্তর্জাতিক : আফগানিস্তানের কাবুলে একটি সমাবেশে জোড়া বোমা হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩০ জনের বেশি। যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস। শনিবার কাবুলের দেহ মাজাং স্কয়ারে দেশটির সংখ্যালঘু শিয়া মতাবলম্বী হাজারা জনগোষ্ঠীর সমাবেশে এই হামলা হয়।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হামলায় ৮০ জন এবং ২৩১ জন আহত হওয়ার কথা বলা হয়েছে। ২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে তালেবান ক্ষমতাচ্যুৎ হওয়ার পর একক ঘটনায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনাগুলোর অন্যতম হয়ে উঠেছে এই হামলা।

আইএসের পক্ষে শনিবারের হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠীর মুখপাত্র আমাক- এ এক বিবৃতিতে বলা হয়েছে, কাবুলে শিয়াদের একটি জমায়েতে দুইজন যোদ্ধা বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটিয়েছে। হামলার নিন্দা জানিয়ে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ই-মেইলে গণমাধ্যমকে বলেছেন, এ হামলার পেছনে তাদের হাত নেই। হামলার পর এক বিবৃতিতে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, সুযোগ সন্ধানী সন্ত্রাসীরা বিক্ষোভকারীদের দলে মিশে গিয়ে এই বিস্ফোরণ ঘটিয়েছে। হামলায় আমাদের দেশের অনেক সামরিক ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

আফগানিস্তানের মোট জনসংখ্যার ৯ শতাংশ ফার্সি ভাষী হাজারা জনগোষ্ঠী মূলত ওই দুটি প্রদেশেই বসবাস করে। বামিয়ান ও ওয়ারদাক প্রদেশের ভেতর দিয়ে বিদ্যুতের লাইন বসানোর দাবিতে শনিবার কয়েক হাজার মানুষ কাবুলে সমবেত হয়।

আফগানিস্তানে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা একে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। হামলা তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ বিভাগের আরও খবর

Comments are closed.