চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরশেনকে এগিয়ে নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আপনাদের সকল ধরণের পরামর্শ-সহযোগিতা ও আলোচনা-সমালোচনা নির্দ্বিধায় শোনার মানসিকতা আমি পোষণ করি। দায়িত্ব গ্রহণের এক বছর উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। আজ (২৫ জুলাই) সোমবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিটি মেয়র আ জ ম নাছির বলেন, কেউ যদি সরাসরি দেখা করে আলোচনা করতে চান, কিংবা পরামর্শ দিতে চান তাহলে আমি আপনাদের ঘরে যাবো, আপনাদের নিজস্ব কার্যালয়ে যাবো। এক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক, সামাজিক ও আর্থিক পরিচয় তার কাছে বিবেচ্য বিষয় হবে না বলে তিনি স্পষ্ট করেছেন।
মেয়র বলেন, আমি আপনাদের পরামর্শ সর্বোচ্চ গুরুত্বসহকারে বিবেচনা করবো, ধৈয্যধারণ করে শুনবো। দায়িত্ব গ্রহণের পর এই একবছরকে তার সাফল্য ব্যর্থতা বিচার করার উপযুক্ত সময় নয় উল্লেখ করে মেয়র বলেন, এই একবছরে আমি সফল হয়েছি তা দাবি করবো না। কিন্তু সাফল্য-ব্যর্থতা বিচার করার উপযুক্ত সময় এটা নয়। বিচার করা যাবে তখন, যখন আমার মেয়াদ শেষের দিকে হবে। যখন আমি শত ইচ্ছে থাকলেও আর ভালো কাজ করতে পারবো না তখন।
এক বছরে তার পক্ষে যতটুকু কাজ করা সম্ভব হয়েছে তা অন্যকারো পক্ষে সম্ভব হতো কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, এত প্রতিকূল অবস্থা, ভেতরে-বাইরের বাধাকে উপড়ে এত কৃতিত্ব অর্জন করতে আর কেউ পারতো কিনা সন্দেহ পোষণ করছি। আমি ভালোভাবেই শুরু করেছি। এটাকে আরও ভালো করার জন্য, প্রত্যাশাকে শতভাগ পূরণ করার জন্য নগরবাসীর পরামর্শ দরকার।

Comments are closed.