নিজস্ব প্রতিবেদক : ক্রমবর্ধমান ব্যয় সামলাতে আয়বর্ধক প্রকল্পে মনোযোগী হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এরমধ্যে তিনটি নতুন প্রকল্প হাতে নিয়েছে পরিকল্পিত নগরী গড়ার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি। এইগুলো হলো- নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় দেড় শতাধিক ফ্ল্যাটের সিডিএ স্কয়ার, সল্টগোলা ক্রসিংয়ে ২০ তলা মার্কেট কাম বাণিজ্যিক ভবন এবং দেওয়ানহাটে অর্ধশত ফ্ল্যাটের একটি আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ দেওয়া হয়েছে।
সল্টগোলা প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. ইলিয়াস বলেন, ৪৬ কাঠা জমির ওপর ২০ তলা ভবন নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যে পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। ভবন নির্মাণের লক্ষ্যে শিগগির দরপত্র আহ্বান করা হবে জানিয়ে তিনি বলেন, কর্তৃপক্ষ আশা করছে কর্ণফুলী টানেল, আউটার রিং রোড, বন্দর-কাস্টমস-ইপিজেডকে ঘিরে সিডিএর সল্টগোলা প্রকল্পটি ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
সিডিএ সূত্রে জানা গেছে, ষোলশহর দুই নম্বর গেট এলাকায় সিডিএ স্কয়ারে থাকবে তিনটি টাওয়ার। যেখানে দেড় শতাধিক ফ্ল্যাট থাকবে। ইতিমধ্যে প্রকল্প এলাকায় পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। প্রকল্প পরিচালক হিসেবে অথরাইজড অফিসার মো. শামিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দেওয়ানহাট ফ্ল্যাট ব্লক নির্মাণের জন্যেও প্রকল্প পরিচালক নির্বাচন করা হয়েছে।
এদিকে, সিডিএর কাজীর দেউড়ি প্রকল্পের ফ্ল্যাটগুলোর নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। নতুন করে কিছু দোকান, ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। কাজীর দেউড়ি প্রকল্পের পরিচালক প্রকৌশলী রাজীব দাশ বাংলানিউজকে বলেন, তিনটি বেইজমেন্টসহ ১১ তলা ভবনটির প্রথম তলায় কাঁচাবাজার রয়েছে। দোতলা ও তিন তলায় ৮২টি দোকান রয়েছে। চতুর্থ থেকে ১১ তলা পর্যন্ত ৬৪টি ফ্ল্যাট রয়েছে।
আয়বর্ধক প্রকল্পের সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম জানান, আমরা নতুন নতুন প্রকল্প নিচ্ছি। তবে শুধু মুনাফা নয় আমাদের মূল লক্ষ্য জনকল্যাণ। নগরবাসীর আবাসন সংকট নিরসন। ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি।

Comments are closed.