চট্টগ্রামে জঙ্গি সন্দেহে মেডিকেল ছাত্র গ্রেফতার

চট্টগ্রাম : চট্টগ্রাম বায়েজিদ বোস্তামি থানাধীন কুলগাঁও এলাকার জামশেদ শাহ রোডের একটি বাসা থেকে জঙ্গি সন্দেহে দিনাজপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র মো. আব্দুল হান্নান ওরফে আব্দুল্লাহ ওরফে লাদেনকে (২১) গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে কুলগাঁও এলাকার বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন, ১১টি জিহাদি বই ও কাগজপত্র জব্দ করা হয়।

আবদুল্লাহ ঠাকুরগাঁও সদর উপজেলার সরকার পাড়া এলাকার ইমতাজুর রহমানের ছেলে। তিনি ঠাকুরগাঁও এলাকার নিষিদ্ধ জঙ্গি দল আনসার উল্লাহ বাংলা টিমের অন্যতম সংগঠক বলে জানায় পুলিশ। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর-পশ্চিম) নাজমুল হাসান বিকালে গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার রাতে কুলগাঁও এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল্লাহসহ কয়েকজন মিলে কুলগাঁওয়ের ওই বাসা ভাড়া নিয়ে থাকতেন। তবে অভিযানে তাকে গ্রেফতার করা হলেও অন্যদের পাওয়া যায়নি। আব্দুল্লাহকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আনোয়ার হোসেন বলেন, আব্দুল্লাহর বড় ভাই আবুল হাসনাত ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। কয়েক সপ্তাহ আগে ঠাকুরগাঁও থেকে চাপাতিসহ পুলিশ তাকে গ্রেফতার করে। উত্তরবঙ্গে বিভিন্ন সময়ে গ্রেফতার হওয়া আনসারউল্লাহ বাংলা টিমের সদস্যরা জানিয়েছে, আব্দুল্লাহ তাদের দলের অন্যতম সদস্য। পুলিশ উত্তরবঙ্গে খোঁজ শুরু করলে তিনি চট্টগ্রামে পালিয়ে এসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আব্দুল্লাহ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.