চট্টগ্রাম : নির্দিষ্ট গন্তব্য না হওয়া সত্বেও যাত্রীদের গাড়িতে তোলার চেষ্টা নিয়ে চালক ও সহকারীদের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডা হয়েছে। যার রেশ ধরে নতুন ব্রিজ এলাকায় সড়কে আধাঘণ্টা ব্যারিকেড দিয়ে রাখে চালক-সহকারীরা। আজ (৩০ জুলাই) শনিবার সকালে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ছয়টায় চাক্তাই এলাকায় কিছু যাত্রীকে তাদের নির্দিষ্ট গন্তব্য না হওয়া সত্বেও কক্সবাজারমুখী বাসের চালক-সহকারীরা গাড়িতে তোলার চেষ্টা করে। কিন্তু প্রতিদিনের এই স্বাভাবিকতা মেনে নিতে পারেননি ওই যাত্রীরা। তারা চালক-সহকারীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে চালক-সহকারীকে চড় থাপ্পড়ও দেন। এর রেশ ধরে গাড়ির চালক-সহকারীরা সকাল ছয়টা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখে। পরে পুলিশ গিয়ে তাদের সঙ্গে বৈঠকে বসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বাভাবিক হয় গাড়ি চলাচল।
বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রিয়তোষ জানান, প্রতিদিন কিছু চালক-সহকারী গাড়ি ভরানোর জন্য প্রতিযোগিতা করে। কার আগে কে যাত্রী তুলতে পারবে তা নিয়ে ব্যস্ত থাকে। এতে অনেক সময় নির্দিষ্ট গন্তব্যের যাত্রী না হওয়াদেরও তারা ভুলে গাড়িতে উঠতে বলে, বিরক্ত করে। তেমনি আজও একই ঘটনা হয়েছে। কিন্তু যাত্রীরা তা মানতে না পারায় ঝামেলা হয়েছে। এ নিয়ে চালক-সহকারীরা ব্যারিকেড দেয়।পরে আমরা গিয়ে ব্যারিকেড তুলে নিই।

Comments are closed.