সিটিনিউজবিডি : রাজধানীর বাড্ডায় দামাইখালে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীকে উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী এক পিকআপ চালক মারা গেছেন। তার নাম সারোয়ার (৩০)। সোমবার দুপুরে পাঁচখোলা তিন নম্বর বেরাইদ ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার ওসি এম আব্দুল জলিল জানান, বেলা সাড়ে ১২টার দিকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্র খালের পানিতে ফুটবল দিয়ে খেলছিলেন। এ সময় ফুটবল খালের পানির গভীর অংশে চলে যায়। সাব্বির হোসেন ও সাজ্জাদ হোসেন শুভ নামে দুই শিক্ষার্থী ঐ বল আনতে গেলে তারা ডুবে যাওয়ার উপক্রম হয়। এতে তারা বাঁচার জন্য চিত্কার দেয়। খালের পাশে সারোয়ার তার পিকআপটি এনে পানি দিয়ে পরিষ্কার করছিলেন। শিক্ষার্থীদের চিত্কার শুনে তিনি পানিতে ঝাঁপিয়ে পড়েন। ঐ দুই শিক্ষার্থীকে উদ্ধার করে পাড়ে আনেন। এরপর তিনি ফুটবল আনতে পানির গভীর অংশে গেলে তলিয়ে যান।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বলেন, দুপুরে ফায়ার সার্ভিসের ৩ সদস্যের একটি ডুবরি ইউনিট খালের পানিতে তল্লাশি করে। বিকাল সাড়ে চারটার দিকে তারা সারোয়ারের লাশ উদ্ধার করে।
