চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চিরিংগা ইউনিয়নের অপরাধীদের অভয়ারণ্য হিসেবে খ্যাত মাছ কাটা খাল সংলগ্ন এলাকা থেকে ৫টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে। গতকাল বুধবার ভোররাত আড়াই টার দিকে টহল পুলিশের অভিযানে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ সময় কোন অপরাধীকে আটক করতে পারেনি পুলিশ।
চকরিয়া থানার ওসি (তদন্ত) কামরুল আজম জানান, একদল ডাকাত বুধবার রাতে চিরিংগা ইউনিয়নের চিংড়ি জোন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিয়ে মাছ কাটা খাল নামকস্থানে অবস্থান করার খবর পেয়ে দ্রুত টহল পুলিশ ঘটনাস্থালে গিয়ে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে মাছ কাটা খাল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ ৫টি দেশীয় তৈরি বন্ধুক উদ্ধার করে। এ সময় কোন ডাকাতকে গ্রেফতার করা যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চকরিয়া চিংড়ি জোন এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঐ এলাকায় অভিযান চালায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৫টি দেশীয় তৈরি বন্ধুক উদ্ধার করে। এ ব্যাপারে অস্ত্র আইনের একটি মামলা দায়ের করা হবে।
