সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গী বাজার ও বাকলিয়া এলাকায় গোয়েন্দা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত আলাদা দুই অভিযানে সাড়ে ১২ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ২২ আগষ্ট সোমবার বিকালে কোতোয়ালি থানার ফিরিঙ্গী বাজার নতুন রাস্তা ও বাকলিয়া থানার শাহ আমানত সেতু থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- ফিরিঙ্গী বাজার নতুন রাস্তা থেকে গ্রেপ্তাররা মো. আব্দুল্লাহ (২২) এবং বাকলিয়া থেকে মো. জসিম (২৫), সৈয়দ আলম (২০)।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (পশ্চিম) উত্তম কুমার চক্রবর্ত্তী জানান, বিকালে গ্রেপ্তার আব্দুল্লাহ একটি খালি পিক-আপ নিয়ে পটিয়া থেকে থেকে চট্টগ্রাম নগরীতে আসছিল। আগে থেকে খবর পেয়ে ফিরিঙ্গী বাজার নতুন রাস্তায় পিকআপটি তল্লাশি করে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসব ইয়াবা চালকের সিটের সাথে বিশেষ কৌশলে রাখা ছিল।
পুলিশ কর্মকর্তা উত্তম জানান, ইয়াবাগুলো বিক্রির জন্য চট্টগ্রাম আনা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আবদুল্লাহ। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে আড়াই হাজার ইয়াবাসহ জসিম ও সৈয়দ আলমকে গ্রেপ্তার করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের উপ-পরিচালক আলী আসলাম হোসেন।
তিনি বলেন, আগে থেকে খবর পেয়ে জসিম ও আলমকে আটক করে তাদের কাছ থেকে ওই ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি ও বাকলিয়া থানায় আলাদা দুটি মামলা হয়েছে।
