দেশের মানুষ সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায় : আমীর খসরু

0

সিটিনিউজবিডি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটাধিকার না থাকলে মানবাধিকার ও বাকস্বাধীনতা থাকে না। তাঁর অভিযোগ, সরকার নাগরিকদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানবাধিকার ও কথা বলার স্বাধীনতাও কেড়ে নিচ্ছে। সব জায়গায় দলীয়করণ করা হয়েছে। দেশের মানুষ সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায়।

চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব অভিযোগ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ার পর গতকাল মঙ্গলবার তিনি চট্টগ্রামে আসেন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ন ম মুনির আহমদ চৌধুরীর জানাজায় অংশ নেন। সেখান থেকে তিনি নাসিমন ভবনে যান। নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি নগরের ষোলশহর বিপ্লব উদ্যানে ফুল দেন। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অ্যামোনিয়া গ্যাসে আক্রান্ত রোগীদের দেখতে যান।

নাসিমন ভবনে নেতা-কর্মীদের উদ্দেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে এখন ক্রান্তিকাল চলছে। গণতন্ত্র নেই বলে মানুষ কথা বলতে পারছে না। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন চলছে। কথায় কথায় মামলা দিয়ে তাঁদের জেলে পাঠানো হচ্ছে। অনেকে নির্যাতনে পঙ্গু হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটাধিকার ও মানবাধিকার ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নাসিমন ভবনের মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেগম রোজী কবির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় অনুষ্ঠানে মাহবুবুর রহমান বলেন, জুলুম ও নির্যাতন করে সরকার জাতীয়তাবাদী দলের অগ্রযাত্রাকে রুখতে পারবে না।

শাহাদাত হোসেন বলেন, সরকারের পতন ঘটাতে খালেদা জিয়ার নেতৃত্বে চট্টগ্রাম থেকে আগামী দিনে গণ-আন্দোলন গড়ে তোলা হবে।

আবুল হাসেম বক্কর বলেন, একদলীয় সরকারব্যবস্থা ক্ষণস্থায়ী হয়। ইতিহাস তা-ই বলে। আওয়ামী লীগ ইতিহাস থেকে শিক্ষা নেয় না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.