বিনোদন : বয়সে বিবাহিত, সন্তানের মা এবং বয়সে বড় নায়িকার সঙ্গে তরুণ নায়কের প্রেম? সে বড় বিরল উপমহাদেশের রূপালি পর্দায়। সেই ‘বিরল’ কাজটিই করে দেখালেন কারান জোহার; ৩৩ বছরের রানবির কাপুরের নায়িকা বানিয়ে দিলেন ৪৩-এ পা দিতে চলা ঐশ্বরিয়া রাই বচ্চনকে।
করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও বলিউড অভিনেতা রণবীর কাপুরের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বেশ কিছুদিন ধরে নানান মুখরোচক খবর শোনা যাচ্ছিলো। ছবিটির টিজারে দেখা গেলো তাদের রসায়নের একঝলক। এখানে ঘনিষ্ঠ প্রেমের দৃশ্যে অভিনয় করেছেন তারা। গতকাল মঙ্গলবার ইউটিউবে প্রকাশিত হলো টিজারটি।
শুরুতে দেখা যায়- রণবীর গাইছেন ‘তু সফর মেরা হ্যায় তু হি মেরি মঞ্জিল/তেরে বিনা গুজারা অ্যায় দিল হ্যায় মুশকিল।’ গানটি সুর করেছেন প্রীতম চক্রবর্তী। এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। ১ মিনিট ৩৪ সেকেন্ড ব্যাপ্তির এ টিজারে ঐশ্বরিয়ার পাশাপাশি আনুশকা শর্মার সঙ্গেও রণবীরের রসায়ন দেখা গেছে। ছবিটির গল্পটা কী তা নিয়ে দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে টিজার। অনেকের ধারণা, এটি ‘কাভি আলবিদা না কেহনা’র সিক্যুয়েল। এ ছাড়া গুঞ্জন উঠেছে, বলিউডের ‘দুসরা আদমি’র রিমেক এটি। তবে করণ জোহরের দাবি, নতুন প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ১৯৯৮ সালে ব্লকবাস্টার ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন করণ জোহর।
