অনলাইন ডেক্স : ইথিওপিয়ার কারাগারে অগ্নিকাণ্ডে অন্তত ২৩ বন্দি নিহত হয়েছেন।
দেশটির রাজধানী আদ্দিস আবাবার কুইলিন্টো কারাগারে এ ঘটনা ঘটে।
সরকারিভাবে এ ঘটনায় ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
জেল কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, জেল থেকে পালাতে আগুন ধরানো হলে তাতে শ্বাসরোধ হয়ে ওই ২১ জনের মৃত্যু হয়। বাকি দু’জন পালাতে গিয়ে নিহত হয়েছেন।
তবে স্থানীয় গণমাধ্যম বিষয়টির জন্য জেল কর্তৃপক্ষকে দায়ী করেছে। বন্দিদের ভাষ্য দিয়ে তারা দাবি করেছে, ওয়ার্ডেনরা বন্দিদের গুলি করে হত্যা করে।
নিহত বন্দিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে এ ঘটনায় দেশটিতে প্রতিবাদের ঝড় উঠেছে।
কুইলিন্টো কারাগারটি বন্দিদের রিমান্ড সেন্টার হিসেবে ব্যবহার হয়। এছাড়া বিচারের মুখোমুখি করার আগ পর্যন্ত বন্দিরা এখানে অবস্থান করে।
বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারীদের এ কারাগারে এনে নির্যাতনের অভিযোগও রয়েছে। কারাগারটিতে বর্তমানে প্রায় ৩ হাজার বন্দি রয়েছেন।
