আবার সীমান্তে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

0

সিটিনিউজবিডি : নওগাঁর সাপাহার সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, যাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ‘গলায় কোপ দিয়ে’ হত্যা করেছে বলে স্থানীয়দের অভিযোগ।

কলমুডাঙ্গা গ্রামের বলদিয়াঘাট এলাকার গোলাম মোস্তফার ছেলে নিহত শহীদুল ইসলাম (২৮)। বুধবার রাতে শহীদুলসহ ১০/১২ জন মিলে গরু আনতে সীমান্তের ওপারে গিয়েছিলেন বলে স্থানীয়দের তথ্য।

নওগাঁ ১৪ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল রফিকুল হাসান জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতের সঙ্গীদের বরাত দিয়ে বিজিবি কর্মকর্তা রফিকুল বলেন, গরু নিয়ে ফেরার পথে বিএসএফের একটি টহলদল তাদের ধাওয়া করে। অন্যরা পালাতে পারলেও শহীদুল ধরা পড়েন।

‘সঙ্গীরা বলছে, বিএসএফ সদস্যরা শহীদুলকে ধরে হাসুয়া দিয়ে গলায় কোপ মারে এবং ওই পিলারের পাশে ফেলে রেখে যায়।’

পরে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে শহীদুলের লাশ পায় এবং পুলিশে খবর দেয় বলে লেফটেন্যান্ট জেনারেল রফিকুল হাসান জানান।

তিনি বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে বিএসএফের কাছে ‘মৌখিক প্রতিবাদ’ জানিয়েছি।

তবে তাদের দাবি, এ হত্যাকাণ্ড বিএসএফ ঘটায়নি। চোরাকারবারীদের নিজেদের দ্বন্দ্বে এটা ঘটতে পারে। আমরা বিষয়টি নিয়ে আলোচনার জন্য পতাকা বৈঠক ডেকেছি।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.