সিটিনিউজবিডি : কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে বাড়ী থেকে জোরপূর্বক ধরে পার্শ্ববর্তী চিংড়িঘেরে নিয়ে প্রথম শ্রেণির এক ছাত্রীকে দুই লম্পট পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার উত্তর ফুলছড়ি এলাকায় ধর্ষণের এ ঘটনাটি ঘটে।
বর্তমানে শিশুটি কক্সবাজার সদর হাসপাতালে ওসিসিতে চিকিৎসাধীন।
আজ বুধবার পর্যন্ত চকরিয়া থানায় পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। তবে এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রহমান ঘটনাটি শুনেছেন বলে জানিয়েছেন।
শিশুটির বাবা দিনমজুর করিম আলী (ছদ্ম নাম) অভিযোগ করে জানান, বাড়ীতে কেউ না থাকার সুযোগে হেতালিয়া পাহাড় এলাকার চাঁন মিয়ার ছেলে সরওয়ার ও উত্তর ফুলছড়ি রুইঘোনা এলাকার শাহাব মিয়ার ছেলে ধলা মিয়া তার শিশু কন্যাকে ধরে পার্শ্ববর্তী চিংড়িঘেরে নিয়ে ধর্ষণ করে। মেয়ের শোরচিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। এসময় দুই ধর্ষক পালিয়ে যায়।
এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুল আজম জানান, ঘটনাটি এখনো থানায় কেউ অবহিত করেনি। ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হবে এবং ঘটনা সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
