অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দেবেন সাবেক রিপাবলিকান দলীয় সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ। আজ বুধবার বিবিসি ও সিএনএন এক খবরে এমনটিই জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউজ পোর্টাল পলিটিকোর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিনিয়র বুশ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইয়ের মেয়ে ক্যাথলিন কেনেডি টাউনসেন্ডের কাছে হিলারিকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
একজন মুখপাত্র জানিয়েছেন, তিনি বিষয়টি পরীক্ষা করে দেখছেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, গত সোমবার সিনিয়র বুশ বলেন, নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হিলারিকে ভোট দিবেন। তবে ওইদিন প্রথম তিনি হিলারিকে ভোট দেওয়ার ইচ্ছার কথা ব্যক্ত করেননি। বরং এর আগেও তিনি সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইয়ের মেয়ে ক্যাথলিন কেনেডি টাউনসেন্ডের কাছে হিলারিকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে এখন পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন ঘোষণা করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট (১৯৮৯-১৯৯৩ সাল পর্যন্ত) হিসেবে দায়িত্ব পালন করা সিনিয়র বুশ।
যদি জর্জ এইচডব্লিউ বুশ সত্যিই হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়ে থাকেন তাহলে আসছে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ও সাবেক মিলিয়ে পাঁচ মার্কিন প্রেসিডেন্টের সমর্থন পাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।
